ডিজিটাল মার্কেটিংয়ে নেক্সট লিডার্সের সঙ্গে হারামাইন গ্রুপের চুক্তি
প্রিমিয়াম খাদ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান হারামাইন গ্রুপ ডিজিটাল মার্কেটিং কার্যক্রম জোরদার করতে ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠান নেক্সট লিডার্সের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন হারামাইন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সহপ্রতিষ্ঠাতা মো. ফয়সাল আহমেদ এবং নেক্সট লিডার্সের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ওমর শরীফ ইবনে হাই।
হারামাইন গ্রুপ জানায়, প্রতিষ্ঠানটি গত সাত বছর ধরে সৌদি আরব থেকে আমদানিকৃত খেজুর, ত্বীন ফল, জাফরানসহ বিভিন্ন প্রিমিয়াম খাদ্যপণ্য বাজারজাত করছে। অনলাইন উপস্থিতি বৃদ্ধি, গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও কার্যকর করা এবং ব্র্যান্ডের পরিধি সম্প্রসারণের লক্ষ্যেই এই অংশীদারিত্ব।
চুক্তির আওতায় নেক্সট লিডার্স হারামাইন গ্রুপের ব্র্যান্ডিং, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বিপণন, ডিজিটাল প্রচারাভিযান পরিকল্পনা এবং কনটেন্ট উন্নয়নসহ বিভিন্ন ডিজিটাল মার্কেটিং কার্যক্রমে সহযোগিতা করবে।
অনুষ্ঠানে মো. ফয়সাল আহমেদ বলেন, আধুনিক ডিজিটাল মার্কেটিং কৌশলের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্র্যান্ডকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ওমর শরীফ ইবনে হাই বলেন, কৌশলগত ডিজিটাল উদ্যোগের মাধ্যমে হারামাইন গ্রুপের পণ্য ও ব্র্যান্ড বার্তা বৃহত্তর পরিসরে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে কাজ করবে নেক্সট লিডার্স।
No comments