১২ নভেম্বর ঢাকার আইসিসিবিতে শুরু হচ্ছে ৩১তম বিল্ড সিরিজ, ২৮তম পাওয়ার সিরিজ ও ৮ম ওয়াটার এক্সপো ২০২৬
.jpeg)
নির্মাণ, আবাসন, বিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, আলোকপ্রযুক্তি এবং পানি ও জলীয় বর্জ্য ব্যবস্থাপনা খাত নিয়ে ঢাকায় শুরু হচ্ছে ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজিত এসব প্রদর্শনী আগামী ১২ থেকে ১৪ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)তে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীগুলো চলবে।
একই সঙ্গে অনুষ্ঠিত হবে বিল্ড সিরিজ অব এক্সিবিশনের আওতাধীন ৩১তম বিল্ড বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক প্রদর্শনী ও ২৫তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৬; পাওয়ার সিরিজ অব এক্সিবিশনের আওতাধীন ২৮তম পাওয়ার বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক প্রদর্শনী, ২৩তম সোলার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৬ ও ৮ম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৬; এর সঙ্গে অনুষ্ঠিত হবে ৮ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৬।
এ উপলক্ষে ৩ নভেম্বর মঙ্গলবার, রাজধানীর সেমস বাংলাদেশ কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম; নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম; সেমস-বাংলাদেশের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মাহমুদ রিয়াদ হাসান; এবং সেমস-বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মো. আল-আমিন উপস্থিত ছিলেন।
নির্মাণ ও আবাসন খাত
তিন দশকের বেশি সময় ধরে আয়োজিত বিল্ড বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী এবার ৩১তম বছরে পা দিয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এটি বাংলাদেশের নির্মাণ ও অবকাঠামো খাতের সবচেয়ে বড় ও দীর্ঘদিনের আন্তর্জাতিক প্রদর্শনী। এতে নির্মাণসামগ্রী, নির্মাণযন্ত্র ও সরঞ্জাম, ভবন নির্মাণ প্রযুক্তি, ইন্টেরিয়র ও ফিনিশিং ম্যাটেরিয়াল, লিফট, এইচভিএসি (HVAC), স্যানিটারি ওয়্যারসহ বিভিন্ন পণ্য, প্রযুক্তি ও সরঞ্জাম প্রদর্শিত হবে।
বিল্ড সিরিজে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে - লেসো বাংলাদেশ (LESSO Bangladesh), কিংলং (KingLong), আর আর ক্যাবল (R R Kabel), জুমলায়ন (Zoomlion), এস. এস. লিমিটেড (S. S. Limited), রহিম স্টিল, ওয়ালটন (Walton), একেএস (AKS), আকিজ ইলেকট্রনিকস (Akij Electronics) প্রভৃতি। এছাড়া, শ্রীলঙ্কা এক্সপোর্ট ডেভেলপমেন্ট বোর্ডের (ইডিবি) অংশগ্রহণে বিল্ড সিরিজে থাকছে শ্রীলঙ্কা প্যাভিলিয়ন। এতে শ্রীলঙ্কার বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নির্মাণসামগ্রী, প্রযুক্তি, পণ্য ও সেবা প্রদর্শন করবে।
এর সঙ্গে অনুষ্ঠিত হবে ২৫তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৬। এতে আবাসন ও রিয়েল এস্টেট খাতের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রকল্প, পণ্য ও সেবা তুলে ধরবে। প্রদর্শনীটি খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী ও সম্ভাব্য ক্রেতাদের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করবে।
বিদ্যুৎ, সৌর ও আলোকপ্রযুক্তি
বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে অনুষ্ঠিত হবে ২৮তম পাওয়ার বাংলাদেশ ২০২৬, ২৩তম সোলার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৬ এবং ৮ম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৬। পাওয়ার বাংলাদেশ ২০২৬ বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন, জ্বালানি এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রযুক্তি ও সরঞ্জাম প্রদর্শনের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে আয়োজিত হচ্ছে।
পাওয়ার সিরিজে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে - এসিআই রিনিউএবেল এনার্জি (ACI Renewable Energy), ওমেরা (Omera); হুয়াওয়ে (Huawei), রহিমআফরোজ (Rahimafrooz); সিমেন্স (Siemens); পিডিএল (PDL - Property Development Limited); ওয়ালটন (Walton), ফকির টেকনোলজিস (Fakir Technologies Limited); ইউসিসি (UCC Power), আইকন সোলার (Eye-Cone Green Solar Energy Ltd. - EGSEL), গ্রামীণ সোলার (Grameen Solar), ওরবেড গ্রিন এনার্জি লিমিটেড (Orbed Green Energy Limited), ফিলামেন্ট ইঞ্জিনিয়ারিং (Filament Engineering Ltd.) প্রভৃতি।
সোলার বাংলাদেশে সৌর প্যানেল, মডিউল, ব্যাটারি, ইনভার্টার, কনভার্টার, মাউন্টিং সিস্টেমসহ সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি তুলে ধরা হবে। ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপোতে এলইডি (LED), স্মার্ট ও ইন্টেলিজেন্ট লাইটিং, লাইটিং কন্ট্রোল, লাইটিং ইঞ্জিনিয়ারিং ও ডিজাইনসহ আধুনিক আলোকপ্রযুক্তি প্রদর্শিত হবে।
পানি ও জলীয় বর্জ্য ব্যবস্থাপনা
পানি ও জলীয় বর্জ্য ব্যবস্থাপনা খাতের প্রযুক্তি নিয়ে অনুষ্ঠিত হবে ৮ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৬। এতে পানি শোধন, জলীয় বর্জ্য ব্যবস্থাপনা, লবণাক্ততা দূরীকরণ, পানি বিতরণ, স্মার্ট পানি ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট প্রযুক্তি ও সমাধান প্রদর্শিত হবে।
ডেল্টা অ্যাওয়ার্ড ও ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার
বাংলাদেশের স্থাপত্যশিল্পে উদ্ভাবনী, টেকসই ও কনটেক্সট-রেসপন্সিভ ভবন নকশার উৎকর্ষকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে চালু হয়েছে ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’। বাংলাদেশের বিশিষ্ট স্থপতি জালাল আহমেদ, এফআইএবি, এফকেআইএ প্রতিষ্ঠিত আর্কিকানেক্ট (ARCHICONNECT) এবং কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল) যৌথভাবে এ আয়োজন করেছে। ‘৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ এ উদ্যোগের হোস্ট প্ল্যাটফর্ম এবং কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) - ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক প্রতিষ্ঠান।
১০ নভেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল ২-এ অনুষ্ঠিত হবে ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার ২০২৬-এর গ্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠান। বিভিন্ন বিভাগে নির্বাচিত স্থাপত্য প্রকল্প, স্থপতি ও গবেষকদের এদিন পুরস্কার ও সম্মাননা দেওয়া হবে।
এরপর ১২ থেকে ১৪ নভেম্বর আইসিসিবিতে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬’। ১২ নভেম্বর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে স্থপতি, ডেভেলপার, প্রকল্প মালিক, শিল্প খাতের প্রতিনিধি, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশ নেবেন।
১৩ ও ১৪ নভেম্বর ফেস্টিভ্যালে অনুষ্ঠিত হবে বিভিন্ন মাস্টারক্লাস, ‘ট্রেন্ডসেটারস অব বাংলাদেশ’ সেশন এবং ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার ২০২৬-এর বিজয়ী ও সম্মাননা পাওয়া প্রকল্পগুলোর উপস্থাপনা। মাস্টারক্লাসে স্কেচিং, স্থাপত্য আলোকচিত্রে ফোকাল লেংথের ব্যবহার এবং শিল্প, নকশা ও স্থাপত্যের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা ও ব্যবহারিক সেশন থাকবে।
‘ট্রেন্ডসেটারস অব বাংলাদেশ’ পর্বে সমসাময়িক স্থাপত্যচর্চা, নকশার দর্শন, সৃজনশীল পদ্ধতি ও পেশাগত অভিজ্ঞতা তুলে ধরবেন বিভিন্ন স্থপতি ও স্থাপত্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ পর্বে ডব্লিউএম৪ আর্কিটেক্টস (DWm4 Architects)-এর পক্ষে স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ, স্থপতি মামনুন মোরশেদ চৌধুরী ও স্থপতি শাওকি শামীম; ফ্রেমওয়ার্ক (FrameWork)-এর পক্ষে স্থপতি ফয়সাল কবির ও স্থপতি অনুপ কুমার বসাক; এহসান খান আর্কিটেক্টস লিমিটেড (Ehsan Khan Architects Ltd.)-এর পক্ষে স্থপতি এহসান খান এবং নকশাবিদ আর্কিটেক্টস (Nakshabid Architects)-এর পক্ষে স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার উপস্থাপনা করবেন।
ফেস্টিভ্যালে শিল্প, আবাসিক, বাণিজ্যিক, স্বাস্থ্যসেবা, শিক্ষা, আতিথেয়তা, মিশ্র ব্যবহার, ক্রীড়া ও পরিবহন অবকাঠামোর বিভিন্ন প্রকল্প নিয়ে ফোকাস গ্রুপ আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশে স্থাপত্যবিষয়ক বইয়ের প্রদর্শনী এবং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া স্থাপত্য প্রকল্পের ডিজিটাল প্রদর্শনী থাকবে।
আন্তর্জাতিক অংশগ্রহণ
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক এ প্রদর্শনীগুলোতে বাংলাদেশ, চীন, জার্মানি, ভারত, জাপান, শ্রীলঙ্কা, তুরস্কসহ ২০টিরও বেশি দেশের ২০০টির বেশি প্রদর্শক কোম্পানি অংশ নেবে। ৫০০টির বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন নিয়ে আয়োজিত এসব প্রদর্শনীতে ২০ হাজারের বেশি ব্যবসায়ী ও দর্শনার্থীর অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকেরা।
প্রদর্শনীগুলোর পাশাপাশি নির্মাণ, আবাসন, বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, আলোকপ্রযুক্তি এবং পানি খাতের বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার ও জ্ঞান-বিনিময় সেশন অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে সংশ্লিষ্ট খাতের প্রযুক্তি, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা।
আয়োজকদের মতে, একই ছাদের নিচে এসব আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজনের ফলে সংশ্লিষ্ট শিল্পের দেশি-বিদেশি প্রতিষ্ঠান, ব্যবসায়ী, প্রকৌশলী, স্থপতি, পেশাজীবী ও সম্ভাব্য ক্রেতাদের মধ্যে যোগাযোগ এবং ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের সুযোগ আরও বিস্তৃত হবে।
আয়োজক প্রতিষ্ঠান
১৯৯২ সালে প্রতিষ্ঠিত সেমস-গ্লোবাল ইউএসএ নিউইয়র্কভিত্তিক একটি বহুজাতিক প্রদর্শনী ও কনভেনশন আয়োজক প্রতিষ্ঠান, যার কার্যক্রম চারটি মহাদেশে বিস্তৃত। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সেমস-গ্লোবাল ৭৬২টির বেশি ট্রেড শো আয়োজন করেছে। এসব আয়োজনে ৫৫ হাজার ৪৫৫টির বেশি প্রদর্শক এবং ১৯ লাখ ৫০ হাজারের বেশি ব্যবসায়িক দর্শনার্থী অংশ নিয়েছেন। প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক আয়োজনের মধ্যে টেক্সটাইল, পাওয়ার, বিল্ড, ফুড অ্যান্ড এগ্রো, মেডিটেক্স ও অটোমোটিভ খাতের বিভিন্ন প্রদর্শনী উল্লেখযোগ্য।
বিস্তারিত জানতে ভিজিট করুন: বিল্ড সিরিজ - www.build-bangladesh.com পাওয়ার সিরিজ www.cems-powerseries.com; ওয়াটার বাংলাদেশ - www.water-exhibition.com; ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার - www.deltaaward.com, যোগাযোগ: +8801711396000।
No comments