দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

জবিতে জলালাবাদ ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ; কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৃহত্তর সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন জলালাবাদ ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে ‘Freshers' Reception, Academic Excellence Award & Farewell Reception 2026’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

উপাচার্য বলেন, “আমি নিজেও সিলেটের মানুষ। তাই সিলেটের শিক্ষার্থীদের প্রতি আমার আলাদা টান রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জলালাবাদ ছাত্র কল্যাণ পরিষদের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথির বক্তব্যে প্রাইম ব্যাংকের ফিনানশিয়াল ইনক্লুশন বিভাগের প্রধান এম এম মাহবুব হাসান শিক্ষার্থীদের দক্ষতা অর্জন ও বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মো. এনামুল হাসান কাওছার একাডেমিক জীবনে ধারাবাহিক অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড ফর অ্যাকাডেমিক এক্সিলেন্স’ লাভ করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে স্নাতক (সম্মান) পরীক্ষায় ৩.৮৫ সিজিপিএ এবং স্নাতকোত্তর পরীক্ষায় ৪.০০ সিজিপিএ অর্জন করে উভয় ক্ষেত্রেই প্রথম স্থান অধিকার করেন। এছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেন।

এ সময় ডিন’স অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদেরও সম্মাননা জানানো হয়। সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা হলেন - সঙ্গীত বিভাগের সম্বিতা তালুকদার লতা ও স্বর্ণা রানী তালুকদার, শিক্ষা ও গবেষণা বিভাগের কামন নাহার লুবনা এবং ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের পায়েল দাস অনীক। এছাড়া বিভিন্ন বিভাগে প্রথম তিন স্থানে থাকা শিক্ষার্থীদের মধ্য থেকে গণিত বিভাগের তনয় কৃষ্ণ দেব ও ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের আবু জাকারিয়াকেও সম্মাননা দেওয়া হয়।

স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি মাজহারুল ইসলাম তানভীর বলেন, বিভিন্ন জেলা ছাত্রকল্যাণ সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানোর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আন্তঃজেলা সম্প্রীতি ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস ড. জিয়াউল ইসলাম মুন্না, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক।

এ ছাড়া উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. তপন কুমার পালিত, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রাজেশ কুমার দেব এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক স্বপ্নীলা চৌধুরী।

অনুষ্ঠিতে সভাপতিত্ব করেন জলালাবাদ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মাজহারুল ইসলাম তানভীর এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম তামিম।

আয়োজকরা জানান, প্রায় তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে ১৫ ধরনের চা, মধ্যাহ্নভোজ, উপহার সামগ্রী এবং লটারির মাধ্যমে আড়ংয়ে কেনাকাটার সুযোগ রাখা হয়। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং শিক্ষাগত উৎকর্ষে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

No comments

Powered by Blogger.