দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

সোফি বাংলাদেশের টেলিভিশন অনুষ্ঠান ‘মনের কথা’-এর চতুর্থ পর্ব

মাসিক স্বাস্থ্য নিয়ে বৈজ্ঞানিক সচেতনতা বাড়ানো এবং দীর্ঘদিনের সামাজিক কুসংস্কার দূর করার লক্ষ্যে প্রচারিত হয়েছে সোফি বাংলাদেশের পিরিয়ডবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘মনের কথা’-এর চতুর্থ পর্ব। শুক্রবার (২৪ জুলাই) জিটিভিতে প্রচারিত এ পর্বে পিরিয়ড নিয়ে প্রচলিত নানা ভুল ধারণার বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসক।

অনুষ্ঠানে জানানো হয়, মাসিকের সময় আচার বা টকজাতীয় খাবার খেলে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায় কিংবা মাসিক চলাকালে কোনো নারী আচার স্পর্শ করলে তা নষ্ট হয়ে যায় - এ ধরনের বিশ্বাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে অতিরিক্ত লবণযুক্ত খাবার পরিমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

এ ছাড়া মাসিকের সময় গোসল বা চুল ধোয়া ক্ষতিকর - এমন ধারণাকেও ভ্রান্ত বলে উল্লেখ করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রয়োজনে উষ্ণ পানিতে গোসল করলে মাসিকের সময় অস্বস্তি ও পেশির ব্যথা কমতে পারে।

পর্বে আরও বলা হয়, মাসিকের সময় হালকা ব্যায়াম, হাঁটা কিংবা দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাওয়া নিরাপদ এবং অনেক ক্ষেত্রে শারীরিক অস্বস্তি কমাতে সহায়ক। একই সঙ্গে মাসিকের রক্ত ‘অশুদ্ধ’ বা ‘বিষাক্ত’ - এমন ধারণারও বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরা হয়। বিশেষজ্ঞরা জানান, মাসিক নারীর স্বাভাবিক প্রজননস্বাস্থ্যের একটি প্রাকৃতিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া।

অনুষ্ঠানে পিরিয়ডকে ঘিরে প্রচলিত অতিপ্রাকৃত বিশ্বাস নিয়েও আলোচনা করা হয়। মাসিকের সময় নারী জিন-ভূতের আক্রমণের শিকার হন বা গাছপালা স্পর্শ করলে গাছ শুকিয়ে যায় - এ ধরনের ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে উল্লেখ করা হয়। বরং এসব কুসংস্কার নারীদের অযথা মানসিক চাপ ও সামাজিক সংকোচের মধ্যে রাখে বলে মত দেন বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল লাইভ কল-ইন পর্ব। এতে দর্শকেরা সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলে ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানার সুযোগ পান। পরিবার বা সমাজে যেসব বিষয় নিয়ে অনেক নারী খোলামেলা আলোচনা করতে সংকোচ বোধ করেন, সেসব বিষয় নিয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা করছে অনুষ্ঠানটি।

সোফি বাংলাদেশ জানায়, মাসিক নিয়ে প্রচলিত কুসংস্কার দূর করতে বৈজ্ঞানিক তথ্যভিত্তিক সচেতনতা ও উন্মুক্ত আলোচনা জরুরি। সে লক্ষ্যেই ‘মনের কথা’ অনুষ্ঠানের মাধ্যমে নারী ও কিশোরীদের জন্য সহজ ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্যবিষয়ক তথ্য তুলে ধরা হচ্ছে।

No comments

Powered by Blogger.