বেসরকারি খাতের অংশীদারদের নিয়ে আইডিই বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কৃষি, পানি ও স্যানিটেশন, নবায়নযোগ্য জ্বালানি, পুষ্টি ও জলবায়ু-স্মার্ট খাতের উদ্ভাবন তুলে ধরতে ১৭টি প্রদর্শনী স্টল
দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বাজারভিত্তিক উদ্ভাবন, ব্যবসায়িক সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরতে বেসরকারি খাতের অংশীদারদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে আইডিই বাংলাদেশ। ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে প্রতিষ্ঠানটির বর্তমান ও সম্ভাব্য বেসরকারি খাতের অংশীদারেরা অংশ নেন।
অনুষ্ঠানে ১৭টি প্রদর্শনী স্টলে আইডিই বাংলাদেশের বেসরকারি খাতের অংশীদার প্রতিষ্ঠানগুলোর পণ্য, প্রোটোটাইপ, প্রযুক্তি ও সেবা প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল গ্রামীণ ড্যানোন ফুডস লিমিটেড, এটেক, সিপিআইএল, আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড, বায়ার ক্রপসায়েন্স লিমিটেড বাংলাদেশ, টিএমএসএস, সার্পভ, আরএফএল, সেফপ্যাড বাংলাদেশ, মেটাল, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এসিআই পিএলসি, লাল তীর সিড লিমিটেড, রুরাল সান পাওয়ার, এনআরবিসি ব্যাংক পিএলসি এবং এসএমসি।
প্রদর্শনীতে কৃষি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ), নবায়নযোগ্য জ্বালানি, পুষ্টি এবং জলবায়ু-স্মার্ট খাতের বিভিন্ন উদ্ভাবনী সমাধান তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন আইডিই গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিড অ্যান্ড্রু পিটারসন। তিনি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে বাজারভিত্তিক উদ্যোগে বেসরকারি খাতের ভূমিকা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। কক্সবাজারে সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, নিম্ন আয়ের জনগোষ্ঠীকে শুধু সহায়তা গ্রহণকারী হিসেবে দেখার সুযোগ নেই; তাঁরা একই সঙ্গে ভোক্তা, উৎপাদক ও উদ্যোক্তা।
তিনি আরও বলেন, পণ্যের উপযোগী পরিবর্তন, সর্বশেষ পর্যায় পর্যন্ত বিতরণ নেটওয়ার্ক গড়ে তোলা এবং যৌথ বিনিয়োগের মাধ্যমে আইডিই ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে এসব জনগোষ্ঠীর বাজারে প্রবেশে সহায়তা করে। এর মাধ্যমে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির পাশাপাশি ২০৩৫ সালের মধ্যে ১০ লাখ উদ্যোক্তাকে ক্ষমতায়নের আইডিইর বৈশ্বিক লক্ষ্য অর্জনে ভূমিকা রাখা সম্ভব।
আইডিই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সমীর কারকি বলেন, বেসরকারি খাতের অংশীদারেরা নিম্ন আয়ের ও গ্রামীণ জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় পণ্য ও সেবা পৌঁছে দিয়ে তাঁদের বাস্তব সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি আইডিই বাংলাদেশের প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট (পিএসই) কৌশলের আওতায় যৌথ উদ্যোগ, সহবিনিয়োগ এবং পণ্য উদ্ভাবনের বিভিন্ন সম্ভাবনার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন লাল তীর সিডের পরিচালক তাজওয়ার এম আওয়াল, এসএমসির ব্যবস্থাপনা পরিচালক তসলিম উদ্দিন, আরএফএলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুকান্ত দাস, সেফপ্যাড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তাহমিদ কে. চৌধুরী, এনআরবিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান, বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের কান্ট্রি লিড-ফিল্ড সলিউশনস অ্যান্ড ক্রপসায়েন্স আরঅ্যান্ডডি রাজাউল করিম, টিএমএলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাদিদ জামিল, আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের মো. আমির হোসেন এবং আরএসপির মো. নাজমুল হাসান। তাঁরা বেসরকারি খাতের অংশগ্রহণ ও বাজার উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে টেকসই পণ্য ও সেবা পৌঁছে দিতে অন্তর্ভুক্তিমূলক এবং বাণিজ্যিকভাবে টেকসই বাজারব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে আইডিই বাংলাদেশ।
আইডিই বাংলাদেশ সম্পর্কে
আইডিই একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা, যা বাজারভিত্তিক উদ্যোগের মাধ্যমে দারিদ্র্যপীড়িত মানুষের আয় ও জীবিকার সুযোগ সৃষ্টি করে। বাংলাদেশে সংস্থাটি উদ্যোক্তা, ব্যবসাপ্রতিষ্ঠান, সরকার এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে কাজ করে অন্তর্ভুক্তিমূলক বাজারব্যবস্থা গড়ে তুলছে। পাশাপাশি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে পণ্য, সেবা ও অর্থনৈতিক সুযোগ পৌঁছে দিতে কাজ করছে।

No comments