'অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬' অনুষ্ঠিত
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) “Orange Meets Green: DBCCI Women’s Business Meet 2026 – Give to Gain” শীর্ষক একটি সেমিনার ও নেটওয়ার্কিং অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন হলে হাইব্রিড পদ্ধতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল “Orange Meets Green”, যা নেদারল্যান্ডসের প্রতীকী রং অরেঞ্জ এবং বাংলাদেশের সবুজ সম্ভাবনার মিলনকে নির্দেশ করে। আয়োজকেরা জানান, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে নারী উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই আয়োজনের মাধ্যমে দুই দেশের নারী উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা ও পেশাজীবীদের মধ্যে জ্ঞান বিনিময়, নেটওয়ার্কিং এবং ভবিষ্যৎ অংশীদারত্বের সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে মূল বক্তব্য দেন ডিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট ও ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. শাকাওয়াত হোসেন মামুন। তিনি বাণিজ্য ও উদ্যোক্তা উন্নয়নে নারীদের ক্রমবর্ধমান ভূমিকা তুলে ধরেন এবং বাংলাদেশ-নেদারল্যান্ডস বাণিজ্য সহযোগিতা জোরদারে ডিবিসিসিআইয়ের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব রহিমা বেগম। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তাদের অবদান ক্রমেই বাড়ছে এবং সরকার নারী উদ্যোক্তাদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. হাসান আবদুল্লাহ তৌহিদ ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে দুই দেশের মধ্যে অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। নেদারল্যান্ডস থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্ভাবন ও আন্তঃদেশীয় সহযোগিতা বিষয়ে বক্তব্য দেন Handelsroute.nl, Tribe of Noise, New Media Squad ও BBNL-এর সহপ্রতিষ্ঠাতা স্যান্ড্রা ব্রান্ডেনবার্গ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট এবং CEMS Global Ltd.-এর প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।
এছাড়া মানসিক স্বাস্থ্য ও পেশাগত সুস্থতা বিষয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জোবেদা খাতুন এবং কর্মক্ষেত্রে মানসিক চাপ ব্যবস্থাপনা বিষয়ে বক্তব্য দেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কাউন্সেলর রেহানা আক্তার রুমা।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট এবং দেশ গার্মেন্টস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিদিয়া অমৃত খান “Women Driving Inclusive Economic Growth” শীর্ষক বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নারীর ভূমিকার ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে তিনজন নারী উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন টুইঙ্কল ক্রাফটসের মরিয়ম নার্গিস একা, সয়া ফুড প্লাসের সারমিন আক্তার এবং ফালং জি–এর মাহলায়িন রাখাইন।
ডিবিসিসিআই উইমেন কমিটির চেয়ারপারসন ও Cloths R Us Ltd.-এর ম্যানেজিং ডিরেক্টর কিয়াও সেইন থে (ডলি) ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন। পরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, দোয়া ও ইফতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডিবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সদস্য, সাবেক সভাপতি, বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


No comments