দিনাজপুরে আড়ংয়ের ৩৪তম আউটলেট উদ্বোধন
বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল রিটেইল চেইন আড়ং দিনাজপুরে তাদের ৩৪তম আউটলেট উদ্বোধনের ঘোষণা দিয়েছে, যা রাজধানীর বাইরে গুরুত্বপূর্ণ আঞ্চলিক শহরগুলোতে ব্র্যান্ডটির ধারাবাহিক সম্প্রসারণের একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক। গ্রাউন্ড ফ্লোর, প্রথম ও দ্বিতীয়, তিনটি তলা নিয়ে ১৪,০০০ বর্গফুট জায়গাজুড়ে নির্মিত নতুন এই আউটলেটটি উত্তরাঞ্চলের গ্রাহকদের জন্য একটি উন্নত কেনাকাটার অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে নকশা করা হয়েছে।
১৮২/১, ইকবাল স্কুল মোড়, পাহাড়পুর রোড, দিনাজপুর সদর-এ অবস্থিত এই আউটলেটটি স্থানীয় গ্রাহকের কাছে আড়ংয়ের স্বতন্ত্র রিটেইল অভিজ্ঞতা পৌঁছে দিতেই এই উদ্যোগ।
দিনাজপুর আউটলেটটিতে আড়ংয়ের সাব ব্র্যান্ড - তাগা, তাগা ম্যান এবং আড়ং আর্থসহ হাতে তৈরি পোশাক, গয়না, হোম ডেকর, অ্যাক্সেসরিজ ও স্কিনকেয়ারের বিশাল সংগ্রহ নিয়ে সাজানো হয়েছে। এই পরিসরটি ঐতিহ্য ও আধুনিক নকশার এক সুষম সমন্বয়কে প্রতিফলিত করে, যেখানে গ্রাহকরা এক ছাদের নিচে বাংলাদেশের কারুশিল্পের গভীরতা ও বৈচিত্র্যকে অনুভব করতে পারবেন।
উদ্বোধন প্রসঙ্গে ব্র্যাক এন্টারপ্রাইজেস-এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বলেন, “দিনাজপুরে আমাদের এই আউটলেটের উদ্বোধন সারা দেশে আড়ং-কে আরও সহজলভ্য করে তোলার যাত্রায় একটি অর্থবহ পদক্ষেপ। আঞ্চলিক শহরগুলো সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক থেকে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, আর আমরা এমন পরিসর নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ যা কারুশিল্প, নকশা এবং সম্প্রদায়কে একসাথে উদযাপন করে। এই নতুন আউটলেটের মাধ্যমে দিনাজপুরের গ্রাহকদের সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি আমরা আমাদের কারিগরদের শিল্পকুশলতা ও নিষ্ঠাকে সম্মান জানাতে চাই।”
ব্র্যাক-এর একটি সামাজিক উদ্যোগ হিসেবে, আড়ং বাংলাদেশের কারুশিল্পের ঐতিহ্য উদযাপন, টেকসই কারুশিল্পকে এগিয়ে নেওয়া এবং দেশের গ্রামীণ কারুশিল্পী সম্প্রদায়ের ক্ষমতায়নে নিরন্তরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

No comments